
দাগনভূঞা প্রতিনিধি :: দাগনভূঞা উপজেলায় যুব নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২১ দিনব্যাপি পোশাক তৈরির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর, দাগনভূঞা উপজেলার আয়োজনে দক্ষতা বৃদ্ধিমূলক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়ারপুর মহিলা সংস্থার সভানেত্রী হোসনে আরা কাওছার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আরা। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মপ্রত্যাশী যুব নারীরা পোশাক তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা ভবিষ্যতে আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা কিংবা পোশাক তৈরির প্রতিষ্ঠানে কাজের সুযোগ সৃষ্টির পথে এগিয়ে যেতে পারবেন। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং বেকারত্ব হ্রাসে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২১ দিনব্যাপি এ প্রশিক্ষণে ৩০ জন যুব নারী অংশগ্রহণ করছেন।
আপনার মতামত লিখুন :