
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর :: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
মঙ্গলবার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, জনপ্রশাসনে নিয়োগ, পদোন্নতি ও পদায়নে মেধা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবেন না।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, বিভিন্ন ধর্মের উপাসনালয়ে কর্মরত ধর্মীয় ব্যক্তিদের সম্মানী ও উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম চলছে। আগামী চার বছরের মধ্যে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সফরকালে কমলনগরে এক সুধী সমাবেশে তিনি জাতীয় স্বার্থে দল-মত-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে রামগতির চর সীতা মৌজায় ৭৫ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) স্থান পরিদর্শন করেন। এ প্রকল্প স্থানীয় যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া কমলনগরে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসামগ্রী বিতরণকালে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান। সফরকালে তিনি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করেন।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় বিএনপি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :