হাসান মাহমুদের তোপে ঘরের মাঠে ১৪৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে ভারত। তবে ব্যাটিং বিপর্যয় থেকে স্বাগতিকদের উদ্ধার করেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তাদের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে স্বপ্ন দেখাচ্ছে বড় সংগ্রহের।
চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান। সেঞ্চুরি তুলে নিয়েছেন অশ্বিন। আট নম্বরে নেমে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান করেছেন তিনি। উইকেটের অন্য প্রান্তে থাকা জাদেজা অপরাজিত আছেন ৮৬ রানে।
এর আগে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৩৪ রানের মধ্যেই ভারতের প্রথম ৩ উইকেট তুলে নেন হাসান মাহমুদ।
প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে রিশভ পন্ত এবং যশস্বী জয়সওয়ালের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ভারত। তবে সেখানেও বাঁধা হয়ে দাঁড়ান হাসান মাহমুদ। ৩৯ রান করা পন্তের উইকেট তুলে নেন তিনি।
পরে অবশ্য ৪৮ রানের জুটি গড়েন জয়সওয়াল এবং লোকেশ রাহুল। ৫৬ রান করা জয়সওয়ালকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ রানা। পরের ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে ভারতকে আরও বিপদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।
তবে সেখান থেকে স্বাগতিকদের খেলায় ফিরিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দুজনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটছে স্বাগতিকরা।