উপজেলা প্রতিনিধি, সেনবাগ :সেনবাগে সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ২৫০০ উদ্যোক্তার দশ কোটি টাকার মাছের ক্ষতিগ্রস্ত হয়েছে । এতে উদ্যোক্তাদের ৫৫০০ পুকুরের মাছ ভেসে যায়। পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত এসব উদ্যোক্তা বর্তমানে দিশেহারা অবস্থায় দিন যাপন করছে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সরকারিভাবে দ্রুত পুনর্বাসনের দাবি জানানো হয়।
সম্প্রতি এ সব ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা সেনবাগ পৌর শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে। শেষে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
উপজেলা মৎস্য অফিস সূত্র মতে, সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় সেনবাগে মৎস্য সম্পদের প্রাথমিক হিসাব মতে ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা। এতে ৫৫০০ পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২৫০০ উদ্যোক্তা বা মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার রাজারামপুর স্কাই অ্যাকুয়া ফার্মের সত্ত্বাধিকারী: ম. গোলাম কাবীর আজ শুক্রবার দুপুরে বলেন, এক একরের একটি পুকুরের তূলনামূলক উঁচু পাড়ও ডুবে গিয়েছে।
পুকুরটিতে ৫০০গ্রাম থেকে আড়াই কেজি ওজনের তেলাপিয়া, ৫কেজি ওজনের কাতলা ও ৩ কেজি ওজনের রুই মাছ ছিল। বাকী চারটি পুকুর আরো আগেই ভেসে গিয়েছে। নেট দিয়ে ক্ষতি নিয়ন্ত্রণ করার চেষ্টা কোন লাভ হয়নি। এতে কমপক্ষে পনের লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন।
সেনবাগ উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মোঃ সাব্বির আহমদ বলেন, এখানে যে ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া হয়েছে তা প্রাথমিক তবে চূড়ান্ত হিসেবে ক্ষয়ক্ষত মাত্রা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন।