পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ প্রদান করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর দণ্ডবিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দাবাদ ও উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগ
এনে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন। আজ ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আজ তারেক রহমান পিরোজপুরে দায়েরকৃত মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাস পান এবং মামলাটি খারিজ হয়। সব মামলায় তিনি খালাস পাবেন এবং বীরের বেশে দেশে ফিরবেন।