উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল পুকুর থেকে আবু বকর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) নামে এক মাদ্রাসা শিক্ষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহত ছিদ্দিক উল্যাহ মাস্টার উপজেলার চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ডের ফতেহপুর যুগী বাড়ির মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় চাটখিল কামিল মাদরাসার সাবেক শিক্ষক ছিলেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করে। এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাজার করার জন্য চাটখিল বাজারে আসেন। সন্ধ্যার পরে তিনি আর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। না পেয়ে ১৯ জানুয়ারি বিকেলে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গতকাল সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরার সময় তারা ছিদ্দিক মাষ্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাম চোখের উপরে ও গলায় কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিসের আঘাত এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।