উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় মৎস্যজীবীদের নিয়ে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণের কৌশল বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ (এসসিএমএফপি) প্রকল্পের আওতায় সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয় আজ শনিবার দুপুরে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ সমাপনী কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন এসসিএমএফপি প্রকল্পের চট্টগ্রাম বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমান ও নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।
এসময় হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মো. মাহমুদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী হিসেবে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান। প্রশিক্ষণে উপকূলীয় মৎস্য সম্পদের গুরুত্ব, জিপিএস ডিভাইস, আর্টিসনাল বোটের অনুমতি পত্র, মাছের আহরণোত্তর গুনগত মান বজায় রাখতে করণীয় ও বিভিন্ন কৌশল এবং মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এর আগে গত ১৯ জানুয়ারি সকাল থেকে শুরু হয় এ প্রশিক্ষণ কার্যক্রম। চলতি অর্থবছরে এ উপজেলায় এসসিএমএফপি প্রকল্পের বরাদ্দকৃত ৪টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রতি ব্যাচে ২৫ জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন।