হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার আয়োজনে পাথওয়েস টু প্রোসপারিটি (পি২পি) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী আলাদা আলাদাভাবে দুটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে গত ২১ ও ২২ জানুয়ারি 'উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে সয়াবিন উৎপাদন বিষয়ক' এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার আওতায় পরিচালিত 'পাথওয়েস টু প্রোসপারিটি (পি২পি) প্রজেক্টে'র কর্ম এলাকার ভিবিন্ন ক্লাস্টারের ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার নোয়াখালী অঞ্চলের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
প্রশিক্ষণ কার্যক্রমে অন্যান্যের মাঝে আরো অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচরের পূর্বচরবাটা ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. ইকবাল হোসাইন, চরবাটা ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. ইমাম হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া সংস্থার সুবর্ণচর এলাকার প্রজেক্ট এক্সটেনশন অফিসার রোজিনা আক্তার, প্রজেক্ট এক্সটেনশন অফিসার নিজাম উদ্দিন, প্রজেক্ট এক্সটেনশন অফিসার পলাশ চন্দ্র মজুমদার প্রমুখ।
প্রশিক্ষণ সেশনে কৃষকদেরকে উন্নত জাতের সয়াবিন চাষ সম্প্রসারণ, লাইন সোয়িং, সয়াবিনের বীজবর্ধন প্রদর্শনী, ফসলের পরিচর্যা, অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ, বীজ সংরক্ষণ, ফসলের রোগবালাই দমন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে সয়াবিনের প্রদর্শনী বাস্তবায়নের জন্য সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকের মাঝে উন্নত জাতের সয়াবিন বীজ ও জীবাণুনাশক সার বিতরণ করা হয়।