উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. হাবিব (২০)। সে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মোহাম্মদ আবুল বাশার বাসুর ছেলে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের পরিষ্কার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুরের দিকে হাবিব স্থানীয় আটকপালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পরিষ্কার রাস্তার মাথায় পৌঁছলে একটি অ্যাম্বুলেন্সকে পাশ কেটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাবিব মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।