নিজস্ব প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে উজ্জীবিত হয়ে তারুণ্যের উৎসবে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্বাহী প্রকৌশলী অফিসের টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সুবর্ণচর উপজেলা টিম।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহর মাইজদীতে এলজিইডি ভবন প্রাঙ্গণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এলজিইডি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল কৌশিক, ঠিকাদার প্রতিনিধি আবু হাছান মো. নোমানসহ বিভিন্ন উপজেলা প্রকৌশলী, ঠিকাদার, এলজিইডি পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সুবর্ণচর উপজেলার মো. কায়সার এবং ম্যান অফ দ্য সিরিজ হন নির্বাহী প্রকৌশলী অফিসের আসাদুজ্জামান চৌধুরী।