উপজেলা প্রতিনিধি, কবিরহাট : জেলার কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নে ফসলিজমি দখল করে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এর আগে গত ২ ডিসেম্বর প্রশাসনিকভাবে ভেঙে দেয়ার পর পুনরায় ইটভাটা চালু করে নির্দেশনা অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে এবং সাতদিন সময়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন “একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিং” নামের ইটভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এই ইটভাটার আবেদন নামঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল “একতা ব্রিকস ফিল্ড”। অন্যদিকে পূর্বের আদেশ অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। সব সামগ্রী সরানোর নির্দেশনা দেয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ এই ইটভাটা আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেয়া হবে।