উপজেলা প্রতিনিধি, চাটখিল : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিকে নিরাশ করেছেন।
বুধবার চাটখিল আলিম মাদ্রাসা মাঠে উপজেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ১৫ বছর মাঠে থেকে আন্দোলন করেছি। আমাদের দলের এমন কোনো লোক নেই যিনি কারাগারে যাননি। এখন আমাদের সঙ্গে আন্দোলন করা রাজনৈতিক সহযোদ্ধাদের কেউ কেউ নির্বাচনের বিরোধিতা করছেন। দেশে যদি কোনো অস্থিতিশীলতার সৃষ্টি হয়, এর দায়ভারও তাদেরকে নিতে হবে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে একটা সুনির্দিষ্ট তারিখ দিতে হবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক সুলতান বাবর, ওমর ফারুক ও গিয়াস উদ্দিন সুমনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহজাহান রানা, পৌর বিএনপি'র আহবায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ।