উপজেলা প্রতিনিধি, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ায় সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও মানহানিকর কনটেন্ট প্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও আইনজীবী খোন্দকার আবু ছায়েদ ইমরান। তিনি অভিযোগ করেন, সম্প্রতি দুটি ফেইসবুক পেইজে তার বিরুদ্ধে ভুয়া তথ্য সম্বলিত ভিডিও প্রকাশ করে তার পেশাগত, রাজনৈতিক এবং সামাজিক সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে হাতিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ মার্চ ও ২৬ মে ‘হাতিয়া টিভি’ এবং ‘অগ্রযাত্রা’ নামে দুটি ফেইসবুক পেইজে তাকে অন্যের জমি দখল ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িত দেখিয়ে মিথ্যা ও ভিত্তিহীন কনটেন্ট প্রচার করা হয়। যা সম্পূর্ণ রাজনৈতিক ও পেশাগতভাবে সম্মানহানিকর।
তিনি বলেন, “একটি জমি সংক্রান্ত বিরোধের মামলায় আমি একজন পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছি। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভিডিও তৈরি করে ফেইসবুকে প্রচার করছে, যাতে আমার মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে।” এসময় তিনি জানান, এ ঘটনায় তিনি হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এখন পর্যন্ত পেইজ দুটির প্রকৃত মালিকানা শনাক্ত করা যায়নি।
খোন্দকার আবু ছায়েদ ইমরান প্রশাসনের কাছে অবিলম্বে এসব মানহানিকর ভিডিও অপসারণ এবং পেইজ দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, খোন্দকার আবু ছায়েদ ইমরান দীর্ঘদিন ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি হাতিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং যুবদলের উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়া তিনি হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
সংবাদ সম্মেলনে হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।