মোহাম্মদ হানিফ, নিজস্ব প্রতিবেদক : সোনাইমুড়ীতে দলিল স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবক শোয়েব সারোয়ার উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের গোলাম সারোয়ারের ছেলে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সহকারী কমিশনারের কার্যালয়ে পালপাড়া মৌজার একটি বিবাদমান নামজারির শুনানিতে জমির মূল দলিল এবং নামজারি খতিয়ানে অসঙ্গতি ধরা পড়ে। ২০২৩ সালে অনলাইনে সৃজিত নামজারি খতিয়ানের সঙ্গে দাখিলকৃত দলিলের স্ক্যান কপির অমিল হওয়ায় সন্দেহ দেখা দেয়।
জিজ্ঞাসাবাদে শোয়েব সারোয়ার দলিল স্ক্যান করে টেম্পারিংয়ের মাধ্যমে কাগজপত্র পরিবর্তনের কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত জানান, অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এর আগেও দুটি নামজারি আবেদনে একই ধরনের জালিয়াতির ঘটনা ধরা পড়েছে এবং জমি সংক্রান্ত জালিয়াতি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।