উপজেলা প্রতিনিধি, চাটখিল : কেউ সন্ত্রাস, দখল ও চাঁদাবাজিসহ কোন ধরনের বিশৃঙ্খলার সাথে জড়িত থাকলে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার ১১ জুলাই বিকেলে চাটখিল মহিলা ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে সরাসরি বলে দিয়েছেন, আপনি সব নেতাকর্মীদেরকে এইটা জানিয়ে দিন তারপরও যদি তারা এটা না শুনে তাহলে আমি সরাসরি ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন, আজকের সময়টা অনেক কষ্টের, ১৫ বছর লক্ষ লক্ষ মানুষ মামলা হামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। কেউ ঘরে ঘুমাতে পারেনি, জমি দখল হয়েছে, ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেননি। এই সময় তিনি প্রশ্ন রেখে বলেন, পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি কি চাঁদাবাজির জন্য? বেগম খালেদা জিয়া জেল খেটেছে কি চাঁদাবাজির জন্য? আমাদের দলের স্পষ্ট সিদ্ধান্ত দলের যারা চাঁদাবাজী-সন্ত্রাস এবং বিভিন্ন অন্যায়-অত্যাচার ও বিশৃঙ্খলার সাথে জড়িত, তাদের দলে রাখা হবে না।
বক্তব্যের শেষে ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের সন্ত্রাস ও চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা না করার শপথবাক্য পাঠ করান
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ।