রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন এক যুবক- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা একজন সাদা শার্ট ও জিনসের প্যান্ট পরা এক যুবককে চাপাতির ভয় দেখাচ্ছেন। একপর্যায়ে তিনি ওই যুবকের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে রাস্তা পার হয়ে এলাকা ছেড়ে চলে যান। ওই সময় কাছেই সড়কে পুলিশের পোশাক পরা দুজন, সাদাপাশোকের একজনসহ তিন পুলিশ সদস্যকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। তাদের সামনে দিয়েই চাপাতি হাতে চলে যান ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার হয়ে তাকিয়ে দেখছিলেন।
ভিডিওতে দেখা গেছে, নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা গণমাধ্যমকে বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। কলাবাগান বাস টার্মিনালের অদূরের ঘটনা এটি। যেটি ধানমন্ডি থানার আওতাধীন। এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও আমরা তদন্তের কাজ শুরু করেছি। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর গ্রেপ্তারের চেষ্টা করা হবে।