উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে বসুরহাট পৌর শহরে বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলামের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ফখরুল ইসলাম বলেন, “নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে, কোনো উসকানিতে জড়ানো যাবে না। দলের উচ্চপর্যায়ের নির্দেশ ছাড়া কেউ যেন উসকানিমূলক বক্তব্য না দেয়।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার মতো স্বৈরাচার বাংলাদেশে আর জন্মায়নি। কাদের মির্জা ও ওবায়দুল কাদেরকে আমরা কোম্পানীগঞ্জ থেকে বিদায় দিয়েছি। ভবিষ্যতেও কেউ যদি স্বৈরাচার হতে চায়, তাকেও প্রতিহত করা হবে।”
প্রশাসনকে উদ্দেশ করে ফখরুল বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাসী আর চোরদের আশ্রয় দিলে, তার দায় প্রশাসনকেই নিতে হবে।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন, আনিসুল হক, সাবেক সদস্য কাজী একরামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।