জাতীয় নারী ফুটবল দল ও চার বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-২০২৩’ পদক দেয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ পদকের জন্য তাদের নাম চূড়ান্ত করেছে।
পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের চল্লিশ গ্রাম স্বর্ণ নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লক্ষ টাকার চেক এবং সম্মাননা পত্র তুলে দেয়া হবে।
রাজনীতি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় দুজন এবং গবেষণায় একজনসহ মোট চার নারী পাচ্ছেন এ পদক। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।
৮ আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক বিতরণ অনুষ্ঠানে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চূড়ান্ত তালিকায় রয়েছেন- রাজনীতি ক্ষেত্রে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।