সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় সিঁধ কেটে দোকানে প্রবেশ করে একদল ডাকাত। ধরা পড়ে যাওয়ায় দোকানের মালিককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা। আহত ব্যবসায়ী বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর বেজুগালিয়া মজুমদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বসন্ত কুমার মজুমদার (৫০) স্থানীয় ক্ষিতিশ চন্দ্র মজুমদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশে মুদি দোকানের ব্যবসা করে আসছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভিতরে ঘুমিয়ে ছিলেন বসন্ত কুমার। গভীর রাতে সিঁধ কেটে একদল ডাকাত দোকানে প্রবেশ করে। মালামাল লুট করার সময় তার ঘুম ভেঙে গেলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায়।
আহতের ছেলে চিকিৎসক রাজিব চন্দ্র মজুমদার জানান, ধারালো অস্ত্রের কোপে বাবার হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, রগ কেটে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”