উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার রবিবার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপ আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। পাশাপাশি তিনি পূজার সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার আশ্বাস দেন।
ক্যাম্প কমান্ডার আরও জানান, প্রতিটি মণ্ডপে নজরদারি বাড়ানো হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন।