সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফ উদ্দিন (৫৯) গ্রেপ্তারের ঘটনায় পুরো উপজেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে হাতিয়া আদালত চত্বর থেকে যৌথবাহিনী তাঁকে আটক করে।
ঘটনাস্থলের পরিস্থিতি,
স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকেই যৌথবাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন।
বিকেলে অ্যাডভোকেট ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারের পরপরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপজেলা সদরের ওছখালী এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। তাঁরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
এক পর্যায়ে যৌথবাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কাউকে আটক করা হয়নি। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দিলেও সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওছখালী ও আশপাশের এলাকায়।
অন্যদিকে, একই বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা গ্রেপ্তার অভিযানে স্বাগত জানিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। এ সময় বিএনপিপন্থী সংগঠনগুলোর নেতা-কর্মীরা আওয়ামী লীগের মিছিলকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “বিকেলে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর একটি মামলায় তিনি জামিনে ছিলেন।”
আওয়ামী লীগের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, “নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হয়েছিলেন। ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। মিছিল করার সুযোগ দেওয়া হয়নি।
এ ঘটনায় হাতিয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত টহল জোরদার করেছে। গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে পুলিশ ও আনসারের সদস্যদের অবস্থান দেখা গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এ ঘটনার প্রেক্ষিতে যে কোনো সময়ে পরিস্থিতি আরও অস্থির হতে পারে।