সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশী হামলার প্রতিবাদ এবং শিক্ষা উপদেষ্টার ঘোষিত সুবিধাসমূহ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষক-কর্মচারী আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কোর্ট প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন— “আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি অথচ বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।” তারা অবিলম্বে ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস। প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কমিটির সভাপতি ও আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম হাসান। এছাড়া বক্তব্য দেন হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শারফুদ্দিন, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আবুল খায়ের দিলদার, চরকৈলাশ হাদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আব্দুল কাইয়ুম, অধ্যাপক হারুনুর রশিদ খান শামীম ও জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশারেফ হোসেন।
শিক্ষক নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ঘোষিত সুবিধাসমূহ দ্রুত কার্যকর না করা হয় তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।