উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : দাগনভূঞা উপজেলায় ১০ দিন মেয়াদি ভিডিপি চলমান মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) ২য় ধাপের ৫ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকতে বললেন।
ইউএনও বলেন, সম্প্রতি দাগনভূঞা উপজেলাতে শারদীয় দুর্গাপূজা উদযাপন সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য অন্যান্য সংশ্লিষ্ট বিভাগসহ আনসার-ভিডিপি সদস্য সদস্যাদের অবদান রয়েছে। এছাড়াও তিনি কিশোর অপরাধ প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের হলরুমে এ মৌলিক প্রশিক্ষণের ৫ম দিনের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিম হাসান ও সংশ্লিষ্ট ইউনিয়নের দলনেতা, দলনেত্রী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সামাজিক অপরাধ, অপপ্রচার ও অপকর্ম চিহ্নিত করা এবং সেগুলো প্রতিহত করতে ভিডিপি সদস্যদের ভূমিকা, দেশের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে ধারণা, মানব নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা সম্পর্কে ধারণা, কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা, আনসার ভিডিপির মানবসম্পদ উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা ও অনুশীলন, সফল উদ্যোক্তা হওয়ার যোগ্যতা ও কলাকৌশল সম্পর্কে ধারণা, এছাড়াও নৈতিকতা, শিষ্টাচার ও উত্তম চর্চা সম্পর্কে ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদান করা হচ্ছে।
১০ দিন মেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৪২ জন পুরুষ ও ৪৩ জন মহিলাসহ মোট ৮৫ জন ভিডিপি সদস্য অংশ নেন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কার্যক্রম (দ্বিতীয় ধাপ) ২৩ অক্টোবর শেষ হবে।