সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির উফশী ও হাইব্রিড বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল বাছেদ সবুজ। এ কার্যক্রম বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির আবাদ বৃদ্ধির জন্য ৪৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী সবজি বীজ বিতরণ করা হবে। এর মধ্যে প্রতিজন কৃষক বেগুন ৮ গ্রাম, পালংশাক ১০০ গ্রাম, লালশাক ১৪২ গ্রাম, মটরশুটি ২০ গ্রাম, লাউ ৩০ গ্রাম, মুলা ১০০ গ্রাম ও বাটিশাক ১০০ গ্রাম বীজ পাবেন।
এছাড়াও ১০০ জন কৃষককে ২০০ গ্রাম হারে হাইব্রিড লাউ বীজ, ১৯০ জন কৃষককে ৪০ গ্রাম হারে হাইব্রিড বেগুন বীজ, ১৭০ জন কৃষককে ৬০ গ্রাম হারে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ এবং আরও ১৭০ জন কৃষককে ৪০ গ্রাম হারে হাইব্রিড শসার বীজ দেওয়া হবে। পাশাপাশি প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সরবরাহ করা হবে।
কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে, বসতবাড়ির অব্যবহৃত জমি কাজে লাগবে এবং পরিবারিক পর্যায়ে পুষ্টি ঘাটতি পূরণে সহায়ক হবে।