সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় এলে হাতিয়ার উন্নয়ন দৃশ্যমান হয় বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া আসনে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কারীমুল হাই নাঈম।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আফাজিয়া বাজারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কারীমুল হাই নাঈম বলেন, “হাতিয়া আমার জন্মভূমি। এখানকার মাটি ও পরিবেশেই আমি বড় হয়েছি। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ অবহেলা, শোষণ ও ভোগান্তির মধ্যে জীবনযাপন করছে। নলচিরা ঘাটের অনিয়ম, চুরি এবং যাত্রী হয়রানি আজও বন্ধ হয়নি।
নদীভাঙনে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে হাতিয়ার সব দুর্ভোগ দূর করা হবে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাধিকবার হাতিয়ায় এসেছেন। প্রতিবারই তিনি উন্নয়নমূলক কাজের মাধ্যমে দ্বীপবাসীর পাশে দাঁড়িয়েছেন। আসন্ন নির্বাচনে হাতিয়ার মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সমর্থন দিলে যাতায়াত সমস্যা সমাধান ও নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ভাসানচর ও সীমান্ত ইস্যুতে নতুন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, “হাতিয়ার মানুষ ভাই ভাই, আমরা সবাই পরস্পরের আত্মীয়। ঐক্যবদ্ধ থাকলে দ্বীপবাসীর সব সমস্যার সমাধান সম্ভব।
সভায় হাতিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলার হরনী ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।