উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর আক্রাম উদ্দিনে শত শত একর জমি দখল করতে একদল ভূমিদস্যু জোট বেঁধে নেমেছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তারা জোরপূর্বক ধানচাষ, মাছের প্রজেক্ট দখল এবং প্রজেক্টের মাছ ধরে বিক্রি করে দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মেঘনা উপকূলীয় এসব খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলে নিয়েছে এ প্রভাবশালী মহল। দখলমুক্ত করার দাবীতে স্থানীয় লোকজন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ।
সোমবার (২০অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের কামাল বাজারে আয়োজিত সমাবেশে স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্থানীয় বাদশা মিয়ার পুত্র মোস্তফা ভুট্টো(৪৫), নুরুল হুদার পুত্র ইসমাইল হোসেন( ৪৪), মোঃ হেলাল( ৫০), বেলাল(৫২), দেলোয়ার টেইলর( ৪২), আক্তার( ৪৫), বাবুল (৩৪), রাশেদ,( ২৮), মাসুদসহ (৩২)আরো কয়েকজন এ জবরদখলের সাথে জড়িত ।
প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, কিছুসংখ্যক রাজনৈতিক ব্যাক্তি প্রভাব খাটিয়ে চর আক্রাম উদ্দিন ও চর বায়োজিদ মৌজার শত শত একর মালিকানাধীন ও খাসজমি দখল, মৎস্য প্রজেক্ট দখল করে প্রজেক্টের লক্ষ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছ। অথচ দখলকারীরা উল্টো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা এ মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, নাহিদ, মাইন উদ্দিন, জাকির হোসেন দুধু, নুর উদ্দিন মাঝি, জাবেদসহ প্রায় শতাধিক ভুক্তভোগী লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোস্তফা ভূট্রো ও বেলাল হোসেন জানান, কোন প্রকার দখলদারিত্বের সাথে তারা জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাদের দলীয় কিছু লোকজন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, এ বিষয়ে কেউ কোনঅভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।