উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : গাজীপুরে কলেজছাত্রী আশামনি ধর্ষণ ও হত্যার অভিযোগ, স্কুলছাত্র আলিফ হত্যা, বুয়েট শিক্ষার্থী মুহিব্বুল্লাহ নিখোঁজ হওয়া এবং শ্রীশান্ত রায়সহ ইস্কন সংশ্লিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ তদন্ত ও বিচারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুম’আ বসুরহাট জিরো পয়েন্টে স্থানীয় তাওহীদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, যে কোনো ব্যক্তি বা সংগঠন অপরাধে জড়িত হলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কেউ ধর্মীয় পরিচয় বা আন্তর্জাতিক যোগাযোগের কথা বলে বিচার থেকে পার পেতে পারে না। বক্তারা উক্ত ঘটনাগুলো দ্রুত তদন্তের জন্য সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।