সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : “ঘাট দখল মুক্ত রাখতে হবে, জনগণের সম্পদ যেন কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত না হয়”- এমন আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, “আমাদের দেশের রাজনৈতিক দলের অনেক নেতা ঘাট দখল করে রেখেছে, যেন সেটি তাদের নিজস্ব সম্পত্তি। এটি আর চলতে দেওয়া যাবে না। আপনারা সকলে মিলে ঘাট দখল প্রতিহত করবেন।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ উপদেষ্টা বলেন, “এর আগে আমরা এখানে আসতে পারিনি, কাজ করতেও পারিনি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘাট দখল করে রেখেছিল। এর ফলেই নদী বন্দর ঘোষণার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। এখন অন্তবর্তী সরকার নতুন করে উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে। তাই ঘাট যেন দখলমুক্ত থাকে- এ দায়িত্ব জনগণকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, “হাতিয়ার নলচিরা–চেয়ারম্যান ঘাট রুটে ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। আমি চাই, আমার দায়িত্বকালেই এই রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করতে পারি। ফেরি চালুর মাধ্যমে হাতিয়া ও মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ হবে, যা দ্বীপবাসীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডা. জাহেদুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।