সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তোফায়েল হোসেনের অবসর গমন উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ স্থানীয় বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, হাতিয়া কলেজ প্রাক্তন অধ্যক্ষ, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ এনামুল হক । তিনি বলেন, “প্রফেসর তোফায়েল হোসেন শুধু একজন প্রশাসক নন, তিনি শিক্ষার্থীদের অভিভাবকসুলভ পথপ্রদর্শক ছিলেন। তাঁর সততা, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্ব কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ হাতিয়া উপজেলা কমান্ডের আহবায়ক খোন্দকার মো. আবুল কালাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এইচ.এস. সাইফুল আলম।
বক্তারা বলেন, অধ্যক্ষ তোফায়েল হোসেনের নেতৃত্বে কলেজটি এক নতুন উচ্চতায় পৌঁছেছে একাডেমিক সাফল্য, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলায় তিনি রেখে গেছেন অনুকরণীয় দৃষ্টান্ত।
সংবর্ধনা পর্বে অধ্যক্ষ প্রফেসর তোফায়েল হোসেন আবেগঘন কণ্ঠে সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই কলেজ আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি গর্বিত যে, এমন এক নিবেদিত পরিবারে কাজ করার সুযোগ পেয়েছি।”
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁর স্মৃতিবহুল কর্মজীবন স্মরণ করে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।
শেষে দোয়া ও কেক কাটার মাধ্যমে অধ্যক্ষ প্রফেসর মো. তোফায়েল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজন করে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ।