উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : দীর্ঘ ৯ বছর পর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থীরা এ নির্বাচনে পরাজিত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৫৪ জন ভোট প্রদান করেন। স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ দীর্ঘদিন পর এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনার ফলাফলে দেখা গেছে, সাধারণ অভিভাবক সদস্য পদে জামায়াত ইসলামী প্যানেলের আবদুল্লাহ আল মামুন ১০২ ভোট পেয়ে প্রথম হয়েছেন, নুর আলম মাসুদ ৮৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। বিএনপি প্যানেলের আব্দুর রহমান মিলন ১০০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছেন। স্বতন্ত্র প্রার্থী মো. একরামুল হক ৭৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে কামরুন নাহার ৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা জানিয়েছেন, এই জয় জনগণের জয় এবং তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। অন্যদিকে পরাজিত বিএনপি প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেছেন প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের সমর্থন তাদের বিপক্ষে কাজ করেছে। তবে নির্বাচনের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল।
স্থানীয়রা আশা করছেন, নতুন ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম চালু করবে।