উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে আজাদ মেশিনারিজ নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে দোকানটির মালিক জুমার নামাজের জন্য পাশের রেজিস্ট্রি অফিস মসজিদে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ চলাকালীন সময়ে দোকানটির পেছনের দিকের টিন কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে। পরে তারা ক্যাশবক্স ভেঙে প্রায় ৭৫ হাজার টাকা, প্রায় দেড় লাখ টাকার মেশিনারিজ সরঞ্জাম ও দোকানে নিরাপদে রাখা ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”