উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫শ’ মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকের হাতে উপহার তুলে দিয়েছেন জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
শনিবার সকালে বসুরহাটের মেট্রো টাওয়ারে আয়োজিত মতবিনিময় সভায় উপহার হিসেবে জায়নামাজ, লুঙ্গি ও পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়।
এসময় মো. ফখরুল ইসলাম বলেন—“ইমামগণ সমাজের নেতা, আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাই তারেক রহমানের পক্ষ থেকে এই সামান্য উপহার প্রদান আসলে সম্মান প্রদর্শনের একটি প্রয়াস।”
তিনি আরও বলেন—“এরা কোনো নির্দিষ্ট দলের নন, তবে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিগত ফ্যাসিস্ট আমলে তারা মুখ খুলে কথা বলতে পারেননি— এখন তারা যেন সমাজের কল্যাণে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটাই কামনা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালী, সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা আজিজুল হক রাজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন, পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোহা, খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম, ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলী, সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্বাস আলী ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।