উপজেলার প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের নারী উদ্যোক্তা ফারজানা হোসাইন জেসি এখন এক অনন্য প্রেরণার নাম। পরিবার ও সন্তানদের যত্ন নেওয়ার পাশাপাশি তিনি অনলাইনে কেক বিক্রি করে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে। নিজের পরিশ্রম, সাহস আর আত্মবিশ্বাসেই তিনি আজ অনেকের অনুকরণীয় দৃষ্টান্ত।
এক ছেলে ও এক মেয়ের জননী ফারজানা। সংসারের ব্যস্ততার মাঝেও তিনি ঠিক করে নেন নিজের আলাদা একটা পরিচয় গড়ে তোলার স্বপ্ন। শুরুতে কেউ কেউ বলেছিলেন, এই পেশায় টিকে থাকা কঠিন, প্রতিযোগিতা অনেক বেশি। কেউ আবার নিরুৎসাহও করেছিলেন। কিন্তু সব বাধা উপেক্ষা করে ফারজানা এগিয়ে যান নিজের লক্ষ্যে। তিনি বলেন, “শুরুর দিকে পুঁজির অভাব, অভিজ্ঞতার অভাব—সবই ছিল। কিন্তু আমি ভরসা রেখেছিলাম নিজের পরিশ্রম আর ধৈর্যের ওপর।”
ফারজানা ইউটিউব ও বিভিন্ন অনলাইন কোর্স থেকে কেক তৈরির কৌশল শিখে নেন। ধীরে ধীরে তিনি নতুন নতুন আইডিয়া যুক্ত করে কেক বানানো শুরু করেন। এক সময় পরিবার থেকেও সহযোগিতা পাওয়া শুরু হয়। এরপর গড়ে তোলেন নিজস্ব ফেসবুক পেইজ ‘Maliha Cake Corner’— যেটিই এখন তার সফলতার প্রধান প্ল্যাটফর্ম। এখান থেকেই তিনি বিভিন্ন কেকের অর্ডার পান এবং তা নিজের হাতে তৈরি করে সরবরাহ করেন।
জন্মদিন, বিয়ে, বেবি শাওয়ারসহ নানা অনুষ্ঠানে তিনি কাস্টমাইজড কেক তৈরি করেন। তার তৈরি কেকগুলোর মধ্যে রয়েছে চকলেট ফাজ কেক, রেড ভেলভেট কেক, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, ফ্রুট কেক, বাটারক্রিম ও ফন্ড্যান্ট ডিজাইনের নানা ধরন। মান বজায় রাখার পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডিজাইন ও স্বাদে পরিবর্তন আনেন তিনি।
প্রায় এক বছর ধরে অনলাইনে কেক বিক্রি করছেন নারী উদ্যোক্তা ফারজানা। মাসে তিনি গড়ে ৩০ থেকে ৩৫ ফাউন্ড কেক বিক্রি করেন। ইতোমধ্যে তার গ্রাহকের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। তার পেইজে ক্রেতাদের ইতিবাচক রিভিউ প্রমাণ করে, তিনি শুধু ভালো কেকই তৈরি করছেন না, বরং গ্রাহকদের মন জয় করতেও সক্ষম হয়েছেন। একজন নিয়মিত ক্রেতা জানান, “ফারজানার কেক শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ। সময়মতো ডেলিভারি দেন, আর তার ব্যবহারও খুবই আন্তরিক।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ফারজানা বলেন, “আগামীতে আমি আমার এলাকার নারীদের কেক তৈরির প্রশিক্ষণ দিতে চাই। যেন তারা ঘরে বসেই আয় করতে পারে, নিজেদের মতো করে স্বাবলম্বী হতে পারে। এতে পরিবারের যেমন উন্নতি হবে, তেমনি সমাজেও নতুন উদ্যোক্তা তৈরি হবে।”
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন ব্যবসায় টিকে থাকা সহজ নয়। প্রতিদিনই বাড়ছে প্রতিযোগিতা, বদলে যাচ্ছে ক্রেতার রুচি। কিন্তু ফারজানা হোসাইন জেসি প্রমাণ করেছেন— মনোবল, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে কোনো বাধাই থামাতে পারে না নারীর অগ্রযাত্রা। তার ‘Maliha Cake Corner’ আজ শুধু একটি অনলাইন কেক বিক্রির পেইজ নয়, বরং এক নারীর আত্মবিশ্বাস, সংগ্রাম ও সফলতার প্রতীক।