সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ জাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর ৪টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ অভিযানে প্রায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে জাটকা ভর্তি কয়েকটি ড্রাম পাওয়া যায়। তবে অভিযানের সময় কোনো ব্যক্তি বা মালিককে আটক করা সম্ভব হয়নি, কারণ তারা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উদ্ধারকৃত জাটকা হাতিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব-দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম বিএন বলেন,
“অবৈধভাবে জাটকা ধরা, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ রক্ষায় আমরা সবসময় তৎপর।”
উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণে সরকার কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময় দেশের উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করা যায়।