সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অলি উল্ল্যাহ রোড থেকে আহমদিয়া হয়ে হানিফ মার্কেট টু কাজীর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে আছে। এ সড়কটি দুই পাশের প্রায় দুই হাজার মানুষের একমাত্র চলাচলের পথ হলেও বহু বছরেও এর পাকা করণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে এলাকাবাসী।
বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যায়, হাঁটাচলা এমনকি রিকশা বা অটোরিকশা চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়ে। আবার শুকনো মৌসুমে ধুলাবালিতে জনজীবন হয়ে ওঠে দুর্বিষহ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।
স্থানীয় বাসিন্দা মো. আজগর হোসেন বলেন, “আমরা বহুবার জনপ্রতিনিধিদের বলেছি রাস্তাটা পাকা করার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। বর্ষায় হাঁটাও যায় না, গাড়িও চলে না।”
কলেজ ছাত্র ফজলে রাব্বি বলেন, “এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুলে যাই। বর্ষা এলেই আর চলাচল করা যায় না।”
অটোরিকশা চালক ইব্রাহিম বলেন, “রিকশা চালিয়ে আর টিকতে পারি না ভাই, সার্তা ভাঙে, বিয়ারিং ভাঙে— আয়-ব্যয় কিছুই মেলে না।”
টমটম চালক আবুল কালাম বলেন, “চার দিন গাড়ি চালাতে পারিনি, রাস্তা এমন ভাঙা যে চাকা ভেঙে যায়।”
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কটি পাকা করার উদ্যোগ নিলে বহু বছরের জনদুর্ভোগের অবসান ঘটবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রতি তাদের একটাই অনুরোধ— অলি উল্ল্যাহ রোড থেকে কাজীর বাজার পর্যন্ত সড়কটি টেকসইভাবে নির্মাণ করে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা হোক।