উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : দাগনভূঞা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ আলী (৩৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামনগর ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) আজিজ ফাজিলপুর গ্রামের তাজুল ইসলামের নতুন বাড়ির তাজুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী, তিন ভাই, দুই বোন ও একমাত্র পুত্র সন্তান রেখেগেছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর এলাকার তাজুল ইসলামের নতুন বাড়ির পেছনে।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকাল ১০টার দিকে বাড়ির পেছনে ফসলি মাঠের পাশের ছোট পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে অসাবধানতাবশত হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মৃত ব্যক্তির পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ বুঝে নেন।