উপজেলা প্রতিনিধি, চাটখিল :
দেশকে টিকানোর জন্য এবং গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় চাটখিল উপজেলার বানসা ঈদগাঁহ মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, গনতন্ত্রের জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত অসংখ্য নেতাকর্মীকে জুলুম ও নির্যাতন শিকার হতে হয়েছে। চাটখিল-সোনাইমুড়ীত ২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুমের শিকার চারজনের এখনো হদিস পাওয়া যায়নি।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির সাথে ২৭ বছর জোটে ছিলেন এবং মন্ত্রী হয়ে ছিলেন, এইজন্য বিএনপিকে অনেক গালি শুনতে হয়েছে। কিন্তু এখন আপনারা বিএনপির সাথে ঝগড়া করছেন।
সাম্প্রতিক সময়ে জামায়াত মসজিদে মিটিং করাকে কেন্দ্র করে বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত অনুযায়ী জামায়াতের প্রতিটা উপজেলায় অফিস রয়েছে। যদি আপনাদের দলীয় অফিস না থাকে, তাহলে বিএনপির অনুমতি নিয়ে বিএনপির অফিসে আপনারা মিটিং করুন, তারপরও কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না।
এসময় সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান করেন। মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী চৌধুরী সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী, শাহাজাহান খান সাজু, আনিস আহমেদ হানিফ, মিজানুর রহমান, মোস্তফা ভূঁইয়া, চাটখিল পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম, নুরুল হুদা পিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ নবী বাবু, বিএনপি নেতা রিফাত কামাল, মোখলেসুর রহমান, জসিম উদ্দিন, হারুন রশিদ, হুমায়ূন কবির, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ফারুক, রিয়াজ খন্দকার, ফাওড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ।