সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের কাছে সমর্থন চাইলেন বিএনপির নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সোমবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সমর্থন প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাপার উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াছিন।
এছাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুগ্ম-আহবায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মমিন উল্লাহ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার ও ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের সংকটকালে আপনাদের পরামর্শ ও সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি মুক্তিযোদ্ধাদেরকে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা তার বক্তব্যের প্রতি ইতিবাচক সাড়া দেন এবং বিএনপির প্রার্থীর প্রতি শুভকামনা জানান।
এর আগে রোববার বিকেলে তিনি বুড়িরচর ইউনিয়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সোমবার সকাল থেকে তিনি দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে মতবিনিময় করেন এবং প্রচারণার অংশ হিসেবে বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পৌঁছেন। সেখানে তিনি মুক্তিযোদ্ধাদের সম্মুখে হাতিয়ার উন্নয়ন, দ্বীপবাসীর নিরাপত্তা এবং স্থায়ী সমাধানের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
হাতিয়া উপজেলা জুড়ে তার নির্বাচনী প্রচারণা আরও বেগবান হয়েছে বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা।