উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য অফিসার এসএম আল-আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। এসময় গণমাধ্যমকর্মী, শিক্ষক ও অত্র বিদ্যালয়ের শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের তাৎপর্য তুলে ধরে ইউএনও মোঃ শাহীদুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতনের মূল কারণ হচ্ছে বাল্যবিবাহ। প্রতিটি ঘরে ঘরে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ‘বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।’ এছাড়াও বাল্যবিবাহের কুফল, আইনের প্রয়োগ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক নানা বিষয়ে আলোচনা করেন তিনি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, ‘বাল্যবিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই। বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা-এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা।