সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, একটি দল আর কিছু না পেয়ে বেহেশতের টিকেট নিয়ে মাঠে নেমেছে। এদের থেকে সতর্ক থাকবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কবিরহাট উপজেলা ঘোষবাগ ইউনিয়নে নারীদের সঙ্গে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
মো. ফখরুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে নিজেদের ভরাডুবির পর ২০০১ সাল থেকে দেশের একটি দল বিএনপির সঙ্গে থেকে সুযোগ সুবিধা নেয়। তাদের নেতারা ধানের শীষ মার্কা নিয়ে ভোট করে সংসদেও যান। আর এখন তারা নিজেদের মার্কায় ভোট দিলে বেহেশত আর ধানের শীষে ভোট দিলে দোজখে যাবে বলে ভুল বুঝাচ্ছে। আপনারা এসবে কান দিবেন না।
তিনি বলেন, ধানের শীষ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের মার্কা। এ মার্কায় ভোট দিলে আপনাদের প্রিয় দল বিএনপি ক্ষমতায় যাবে। আর বিএনপি যতবারই ক্ষমতায় গেছে নারীদের কল্যাণে কাজ করেছে।
মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র গঠনে ৩১ দফা ঘোষণা করেছে। এটি বাস্তবায়িত হলে দেশে রংধনু সমাজ প্রতিষ্ঠা হবে। এখানে ধনী-গরীব বলে কোনো বৈষম্য থাকবে না। বড়লোক যেভাবে সেবা পাবে, তেমনি গরীবরাও সেবা পাবেন। দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। কোনো হানাহানি, সালিশ বাণিজ্য থাকবে না।
এসময় সভায় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন,পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু,সদস্য সচিব বেলায়েত হোসেন হারুন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল প্রমুখ বক্তব্য রাখেন।