নুশরাত রুমু, মাইজদী :
মাইজদী দত্তবাড়ির দরজা থেকে পশ্চিমে ওদার হাট (উদয় সাধুর হাট) পর্যন্ত ১৭ কিলোমিটার গ্রামীণ সড়কের অবস্থা করুণ। উদয় সাধুর হাট থেকে চরমটুয়া ইউনিয়ন পরিষদের সামনে হয়ে মান্নান নগর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তাও একই রকম অবস্থা। পুরো এলাকা মিলিয়ে প্রায় ৩০ কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত ৪ বছরেও সংস্কার হয়নি এ সড়কগুলো।
অথচ ৪ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা এই সড়ক। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের পিজ উঠে গেছে অনেক আগেই। কোথাও ইটের খোয়া বেরিয়ে কার্পেটিং উঠে সড়কের গা ছেড়ে দিয়েছে। দুই পাশ থেকে নেমে গেছে মাটির স্তর। ছোট বড় গর্ত, প্রচুর ভাঙাচোরা পুরো সড়ক জুড়ে। ফলে একটি গাড়ি আরেকটিকে পাশ কাটিয়ে যাওয়া ব্যাপক কষ্টকর। প্রায়ই মোটর সাইকেল দুর্ঘটনা ঘটছে। অটো রিকশা, সিএনজি সবই ধীরগতিতে চালাতে হয়। যাতায়াতে প্রচুর সময় ব্যয় হয় এজন্য।
সাথে ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। ভারি যানবাহন চলতে গেলে বিকল হয়ে পড়ে। নিরাপত্তাজনিত সমস্যার ভয়ে এজন্য অনেকেই ওদার হাট থেকে মাইজদী আসতে ইসলামিয়া রোড ব্যবহার করেন। ঘুর পথেও সময় বেশি লাগে। ফলে প্রচুর ভোগান্তিতে ভুগছেন চালক ও চলাচলকারীরা। এলাকাবাসী দৈনিক নোয়াখালীর কথা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন সড়কগুলো যেন সংস্কারের আওতায় আনা হয়।