সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া:
হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের তিন বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে বন্দরটিলা বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আশরাফ উদ্দিন অভিযোগ করেন, সম্প্রতি পরিকল্পিতভাবে কিছু কুচক্রী মহল তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয় ও বিভ্রান্ত করার লক্ষ্যেই একটি চক্র এই অপতৎপরতা চালাচ্ছে। বিশেষ করে নিঝুমদ্বীপের কৃষকদের ধান লুট, চাঁদাবাজি, স্থানীয় মানুষের ওপর নির্যাতন এবং বন্য মহিষ জবাইয়ের ঘটনা—এসব বিষয়েও তাদের নাম জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, তারা সবসময় সত্য, ন্যায়নীতি ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী তাদের সুনাম নষ্ট করতে অনলাইন ও সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করছে। এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলেও তিনি মন্তব্য করেন।
আশরাফ উদ্দিন প্রশাসনের উদ্দেশে বলেন, যারা এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বলেন, “আমরা ন্যায়নিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করি, মিথ্যা ও অপপ্রচারকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করি।”
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহেদ উদ্দিন মেম্বার, যুবদলের সাবেক সভাপতি আবদুল মোতালেব, সিনিয়র সহ-সভাপতি আবদুল মুনাফ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম মাঝি, ছাত্রদল নেতা সমির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।