সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়া উপজেলায় তৃতীয় বিয়ের অভিযোগে এক স্বামীকে শিকলে বেঁধে আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রামে ঘটলে মুহূর্তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পায়ে শিকল পরা ওই ব্যক্তিকে দেখার জন্য বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সামাজিক রীতি মেনে হাসিনা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আব্দুর রহমান। বিয়ের সময় কনের পরিবার গ্রাম্য রীতি অনুযায়ী প্রয়োজনীয় আসবাবপত্রও দেন। শুরুর দিকে সংসার সুখে শান্তিতেই চলছিল, কিন্তু অল্প কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে দেখা দেয় অশান্তি। স্বামীর ‘বেপরোয়া চলাফেরা’ এবং আচরণের কারণে দাম্পত্য সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।
এরই ধারাবাহিকতায় স্বামী প্রথমে দ্বিতীয় এবং এরপর তৃতীয় বিয়ে করেন বলে অভিযোগ স্ত্রীর। বহুবার গ্রাম্য সালিশ বসালেও কোনো সমাধান না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রথম স্ত্রী হাসিনা। সুযোগ পেয়ে তিনি স্বামীকে পাশের বাজার থেকে ধরে এনে নিজ বাড়িতে পায়ে শিকল বেঁধে আটকে রাখেন। দাবি জানান—বিয়ের সময় বাবার পক্ষ থেকে দেওয়া অর্থের ফেরত।
হাসিনা বেগম বলেন, “বিয়ের পর থেকেই সে আমাকে নির্যাতন করতো। অনেকবার সালিশ করেও কোনো লাভ হয়নি। আমাকে রেখে সে আরও দুইটা বিয়ে করেছে। আমার অধিকার ফেরত চাই বলেই তাকে ধরে এনেছি। পালিয়ে যাওয়ার ভয়ে পায়ে শিকল বেঁধে রাখছি।
হাসিনার বাবা-মায়ের দাবি, মেয়ের স্বামী দুই বছর ধরে খোঁজ-খবর নেয়নি। বারবার অনুরোধেও কোনো দায়িত্ব নেয়নি। এখন বিষয়টি জানিয়ে ছেলের পরিবারকে ডাকা হয়েছে। তারা এলে সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা।
অন্যদিকে খাটের ওপর শিকলে বাঁধা অবস্থায় আব্দুর রহমান দাবি করেন, তিনি তৃতীয় বিয়ের কথা অস্বীকার করলেও দ্বিতীয় বিয়ের বিষয়টি স্বীকার করেন। তার অভিযোগ প্রথম স্ত্রীর ‘উগ্র আচরণ’ এবং অশান্তির কারণেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তাকে ধরে এনে মারধর করা হয়েছে বলেও দাবি তার।
জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, “এই বিষয়ে এখনো থানায় কেউ কোন লেখিত অভিযোগ দেয়নি। লেখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।