আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার চরগাজী এলাকায় মা-বাবাকে সন্ত্রাসী কায়দায় বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে ছেলে আমজাদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার বৃদ্ধা মা নুর জাহান বেগম নিজেই এ অভিযোগ আনেন।
অভিযোগে জানা যায়, নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নুর জাহান বেগম ও তার অসুস্থ স্বামী মহিব উল্যা আশ্রয় নেন চরবালুয়া মৌজার একটি খণ্ড খাস জমিতে। কিন্তু সেখানে নতুন দুর্ভোগ নেমে আসে। নিজের ঔরসজাত ছেলে আমজাদ, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনসহ বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে বারবার হামলা, ভাঙচুর ও নির্যাতন চালিয়ে আসছে। বর্তমানে তাদের বসতবাড়ি ও ব্যবহার করা জমি জোরপূর্বক দখল করে উচ্ছেদের চেষ্টা চলছে।
এদিকে আরও চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ওই এলাকার সমাজ কমিটির সেক্রেটারি ইসমাইল বেপারী। তিনি জানান, নুর জাহানের ভোগদখলীয় জমিতে তিনি বর্গা চাষ করেন। চলতি আমন মৌসুমে উৎপাদিত ধান তিনি শাহীন বেপারীর কাছে বিক্রি করেন। পরে ধান বিক্রির টাকা পরিশোধ করতে গেলে চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শিমুল কান্তি দাস ওই টাকা আমজাদকে দিতে নির্দেশ দেন। সমাজের লোকজন বাধা দিলে টাকা এখনও ধান বেপারীর কাছেই রয়েছে।
এসআই শিমুল কান্তি দাসের বক্তব্য জানতে বহুবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার বিষয়ে চরবালুয়া পুলিশ ক্যাম্পের এসআই শিমুল কান্তি দাসের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”