উপজেলা প্রতিনিধি, সুবর্নচর :
সুবর্ণচর উপজেলার সুবর্ণচর প্রেসক্লাব মিলনায়তনে চরজব্বর থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন মিয়ার সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চরজব্বার থানায় দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন শেষে তাঁর বদলি উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী ওসি দায়িত্ব পালনকালে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মানবিক পুলিশি আচরণের জন্য তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠা আগামী দিনগুলোতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিদায়ী ওসি সহকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই এলাকায় দায়িত্ব পালন আমার জন্য অত্যন্ত স্মরণীয়। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শ আমাকে সর্বোচ্চ দায়িত্ব পালন করতে উৎসাহ দিয়েছে।”
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী অফিসারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।