নুশরাত রুমু, মাইজদী :
বাংলার নারী সমাজের মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া এক অসামান্য নারী, যিনি এ দেশের অবহেলিত নারী সমাজকে দিয়েছেন এক অভাবনীয় আলোকবর্তিকার সন্ধান। ফলে তাঁর স্মরণে প্রতি বছর এই দিবস পালন করা হয়। বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত নারীদের শ্রেষ্ঠ অদম্য নারী পুরষ্কার ও সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (৯ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর ৫ ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৭ জনকে পুরস্কৃত করা হয়। তাদের নাম হলো শায়েলা শারমিন, ঝর্না বেগম, মোহছেনা বেগম, রোকসানা আক্তারুন্নবী, ফৌজিয়া নাজনিন, হাছনা বেগম, আয়শা আক্তার মুক্তা। পুরষ্কার হিসাবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ ও সিভিল সার্জন প্রতিনিধি পপি কুণ্ডু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার, অনুষ্ঠানের সহযোগিতার ছিল জাতীয় মহিলা সংস্থা। এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন সেক্টরের ৫০ জন প্রশিক্ষণার্থী ও সফল নারীদের স্বজনরা উপস্থিত ছিলেন।