উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচরে বাড়ছে শীতের প্রকোপ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তাকরিমুল ইসলাম নামে ২ বছর ৮মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার চরজব্বার ইউনিয়নের ৫নং ওয়ার্ড় ছাতা মার্কেট এলাকার ছাতালাগো বাড়িতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। নিহত তাকরিমুল ইসলাম একই এলাকার ছাতালাগো বাড়ির আহছান উল্যাহর ছেলে।
নিহতের বাবা আহছান উল্যাহ জানান, ১০ দিন আগে শিশুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। গত কয়েক দিনে ঠান্ডার প্রকোপ বাড়ায় শিশুটি দুর্বল হয়ে পড়ে। স্থানীয় হারিছ চৌধুরীর বাজারের পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়াচ্ছেন। শনিবার সকালে অবস্থার অবনতি হলে জেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আক্ষেপ করে বলেন, স্থানীয় পল্লী চিকিৎসক রোগ নির্ণয় করতে পারলে তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতালে নিয়ে ভালো চিকিৎসা করাতে পারতেন। চরজব্বার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড জনপ্রতিনিধি রিয়াজুল মাওলা বলেন, ‘অভাবগ্রস্ত পরিবারের অসচেতনতায় শিশুটির মৃত্যু হয়েছে।’
জানতে চাইলে বেসরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (নামপ্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘শিশুটিকে হাসপাতালে খারাপ অবস্থায় নিয়ে আসে, আমরা প্রাথমিকভাবে দেখে শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে রেফাড করি। পরে শিশুটির মা ও মামার অনুরোধে মুছলেকা নিয়ে চিকিৎসা শুরু করি। অবস্থা আরও খারাপ দেখে পুনরায় রেফাড করে হাসপাতাল থেকে ছাড় পত্র দিয়ে দেয়া হয়েছে।