মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক হোসাইন মোহাম্মদ সেলিম। শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটা জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে প্রয়োজন প্রতিটি নাগরিককে সঠিক ও উন্নত শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান শিক্ষাব্যবস্থায় সেই শিক্ষার ঘাটতি রয়েছে। যে যত বড় শিক্ষিত হচ্ছে, সে যেন তত বড় দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি ভারসাম্যপূর্ণ একমুখী শিক্ষাব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা একদিকে ইসলামি ও নৈতিক শিক্ষায় গড়ে উঠবে, অন্যদিকে বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা শিক্ষায় দক্ষতা অর্জন করবে। সমাজ ও রাষ্ট্র গঠনে সর্বাঙ্গীণ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি।
বক্তাদের বক্তব্য শেষে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। পরে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নাটিকা, অভিনয় ও কৌতুক পরিবেশন করে। তাদের উপস্থাপনায় মুগ্ধ হন কয়েকশো অভিভাবক ও অতিথি। বিদ্যালয় মিলনায়তনে প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।