মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের উত্তর বদরপুর জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উত্তর বদরপুর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে আয়োজনটি সম্পন্ন হয়।
জুমা শেষে মুসল্লিদের ভিড়ে মসজিদের ভেতর ও বারান্দাজুড়ে এক শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়। দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের মতোই উত্তর বদরপুরেও নেতাকর্মীরা মুসুল্লিদের সঙ্গে একাত্ম হয়ে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হান্নান জি. এস. ফারুক, ৭নং বজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহেল, ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হাসান এবং যুবদল নেতা মোরশেদ আলম।
এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আবদুল হান্নান জি. এস. ফারুক বলেন. বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর শারীরিক সুস্থতা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, তাঁকে নিয়ে যেন সবাই দোয়া করেন।তিনি আরো বলেন , দেশব্যাপী সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার সুস্থতা গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন এবং খালেদা জিয়ার শিগগির সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়ার সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, খালেদা জিয়ার অসুস্থতার খবর এলাকায় রাজনৈতিকভাবে আগ্রহীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ তৈরি করেছে।
দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। আয়োজক আবুল কালাম বলেন, রাজনীতি যাই থাকুক, একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা আমাদের ঈমানি দায়িত্ব। বিশেষ করে তিনি দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং এখনও জনগণের আশা-ভরসার প্রতীক।
উত্তর বদরপুর এলাকায় দোয়া মাহফিলকে কেন্দ্র করে জুমার নামাজ থেকেই এক ধরনের আধ্যাত্মিক ও সামাজিক সমাবেশের পরিবেশ তৈরি হয়। এলাকার প্রবীণরা জানান, এই ধরনের আয়োজন মানুষের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও রাজনৈতিক শীতলতা সৃষ্টি করে। তরুণ নেতাকর্মীরাও খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে নিজেদের মধ্যে সংগঠিতভাবে উপস্থিতি দেখান। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা মসজিদ প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান করেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে পরস্পরের মধ্যে আলোচনা করেন। উত্তর বদরপুর জামে মসজিদকে কেন্দ্র করে এই আয়োজনটি একটি ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয় বলে স্থানীয়রা মন্তব্য করেন।