উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কবিরহাট–কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনে শাপলা কলি প্রতীকে মাঠে নামছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়রা নূর।
রাজনৈতিক গুরুত্বের দিক থেকে আলোচিত এই আসন থেকে পূর্বে নির্বাচন করেছেন দেশের দুই প্রভাবশালী নেতা—প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
হুমায়রা নূর নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নের মাইনুদ্দিন হাজী বাড়ির সন্তান। তিনি ডা. এ বি এম ইয়াহিয়ার কন্যা এবং অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শামসুল হুদার নাতনী। তাঁর মা হলি ফ্যামিলি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাজনীন আখতার। এছাড়া তাঁর স্বামী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদের জুনিয়র এসোসিয়েট।
দলীয় মনোনয়ন পাওয়ার পর অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, “সততা ও ন্যায়পরায়ণতার প্রতি আমার অঙ্গীকার অটুট। অন্যায়ের সঙ্গে আপোষ না করার শিক্ষা আমি পরিবার ও সন্তানদেরও দিয়ে আসছি।” তিনি আরও জানান, “শাপলা কলি প্রতীকে আপনার সমর্থন ও ভোট পেলে নোয়াখালী-৫ আসনের উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আমার মূল দায়িত্ব।”